ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে শারীরিকভাবে হেনস্তা ও হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তাঁর দাবি, মেস্ত্রে এলাকার একটি পার্কে ভাই ও পরিবারের সদস্যদের সঙ্গে অবস্থানের সময় একদল প্রবাসী বাংলাদেশি তাঁকে ঘিরে হামলা ও হেনস্তা করেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে ঘটনার বিস্তারিত জানান বাঁধন। তাঁর অভিযোগ, হামলাকারীরা নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থক হিসেবে পরিচয় দেন। তাঁকে পানি, কোমল পানীয় ও ডিম ছোড়া হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। তাঁর মোবাইল ফোনও ফেলে দেওয়া হয় বলে জানান তিনি।
বাঁধনের ভাষ্য অনুযায়ী, হামলার সময় তাঁকে ‘জুলাই যোদ্ধা’ বলে আখ্যায়িত করা হয় এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে চাপ দেওয়া হয়। এ সময় তাঁকে অশালীন ভাষায় গালাগাল করা হয়েছে বলেও অভিযোগ করেন অভিনেত্রী। ঘটনার কয়েকটি ভিডিওও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি।
অভিনেত্রী বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে তাঁর মনে হয়েছিল তাঁকে মেরেও ফেলা হতে পারে। একই ঘটনায় তাঁর ভাইয়ের স্ত্রীও ধাক্কাধাক্কির শিকার হয়েছেন বলে তিনি দাবি করেন।
ঘটনার পর প্রতিকার চেয়ে স্থানীয় থানায় অভিযোগ করেছেন বাঁধন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত ইতালি আওয়ামী লীগ বা ছাত্রলীগের সংশ্লিষ্ট কোনো নেতার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার সঙ্গে অংশ নিতে ইতালিতে অবস্থান করছেন বাঁধন। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

