কুয়েতের আকাশে ইরানের মিসাইল হামলা, প্রতিহত করল আকাশ প্রতিরক্ষা
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে কুয়েতের আকাশে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার কুয়েতের সামরিক বাহিনী জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা ‘শত্রুতাপূর্ণ’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলা করেছে।
কুয়েতি সামরিক কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, হামলার সময় দেশটির বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এসব বিস্ফোরণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলাকারী লক্ষ্যবস্তু প্রতিহত করার সময় হয়েছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষকে সরকারি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।
ইরানের সামরিক বাহিনীও জানিয়েছে, তারা কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে। ইরানের দাবি অনুযায়ী, কুয়েতের আহমাদ আল-জাবের বিমানঘাঁটিও হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল।
কুয়েতে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনা রয়েছে। ফলে ইরানের এই হামলাকে চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের আঞ্চলিক বিস্তারের গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
এদিকে কুয়েত সরকার ইরানের হামলাকে দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করেছে। হামলার ঘটনায় এখন পর্যন্ত কুয়েতি বাহিনীর ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি সামরিক অভিযানের মধ্যে কুয়েত, বাহরাইন, জর্ডানসহ উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশও হামলার ঝুঁকিতে পড়েছে। এতে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

